বিদেশি কোটা কমবে না ** দেশি স্ট্রাইকারদের আরো বেশি অনুশীলনের পরামর্শ
সোহেল সারোয়ার
বিদেশি ফুটবলার সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভুঁইয়া। তার জবাবে বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোটা কমানোর সুযোগ নেই। খেলোয়াড় রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে অনেক আগেই, এখন কী করে কোটা কমাবে, চাইলেই করা যায় না। এবার পাঁচ জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করা হয়েছে, খেলবে চার জন।
জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স ভালো হচ্ছে না মনে করে জেমি এবং জামাল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পর এমন মন্তব্য করেছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-১ গোলে হরেছে বাংলাদেশ। আগের আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ফিলিস্তিনের বিপক্ষে হেরে। প্রতিবার একটা একটা কথা বারবার উঠে আসছে স্কোরিং অ্যাবিলিটির না থাকার কারণে গোল পায় না বাংলাদেশ। গোল করতে না পারার কারণে ভালো খেলেও বারবার পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত ২৩ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ ভাঙাচুরা দল নিয়েও দারুণ খেলেছে। গোলের পর গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু স্ট্রাইকার না থাকায় গোল বঞ্চিত থেকে যায় বাংলাদেশ। কোচ জেমি ডে আক্ষেপ করে বলেছিলেন, আমরা ৮ বার গোলের সুযোগ পেয়ে গোল পেলাম না। আর বুরুন্ডি ৬টি সুযোগ পেয়ে ৩ গোল করে ম্যাচ জিতেছে। নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বারবারই প্রশ্ন উঠেছে ঘরোয়া ফুটবলে কাঠামো নিয়ে। বিশেষ করে ক্লাব ফুটবলে বিদেশি খেলোয়াড়ের আধিক্য। স্ট্রাইকারদের সংখ্যাটাই বেশি। আর তাতে দেশি স্ট্রাইকারদের ওপর প্রভাব পড়ছে। স্ট্রাইকাররা লিগে বেঞ্চে বসে থাকেন। জাতীয় দলে গিয়ে খেলতে পারেন না। এসব নানা বিষয় তুলে ধরে জেমি ডে এবং জামাল ভুঁইয়া মনে করছেন বিদেশি ফুটবলারের সংখ্যা কমাতে হবে। ক্লাব ফুটবল লিগের কাঠামোয় পরিবর্তন করতে হবে। কদিন বাদে লিগ শুরু হয়ে যাবে। এখন এ প্রস্তাব কতোটা গ্রহণ করবে তা ক্লাবগুলো ভালো বলতে পারবে। তবে ক্লাবগুলে যেহেতু দেশি-বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করে ফেলেছে এখন আর কোনোভাবেই সেটি পরিবর্তন করা যাবে না। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীও কাল তার অফিসে এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিদেশি কোটা কমানো যাবে না।’
জাতীয় দলের স্ট্রাইকারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক স্ট্রাইকার সালাম মুর্শেদী। তারা যখন খেলেছেন তখন ঢাকার লিগে বিদেশি স্ট্রাইকার এসেছে। কিন্তু সালাম আসলামদের সাইড লাইনে থাকতে হয়নি। সালাম এসব উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এখনকার প্লেয়ারদের চেষ্টা কম। তাদের উচিত আরো বেশি বেশি অনুশীলন করা। ক্লাব ফুটবলে কেন বসে থাকতে হবে? অনুশীলনে ভালো করলে ক্লাবের কোচ স্ট্রাইকারকে মাঠে নামাতে বাধ্য। মনে রাখতে হবে ক্লাবের অনুশীলনের বাইরেও নিজেকে বাড়তি অনুশীলন করতে হয়।’
প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল ৩০ জানুয়ারি। কিন্তু কয়েকটি ক্লাব লিগ পেছাতে চায়। জানা গেছে, বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্রসহ কয়েকটি ক্লাব অন্তত এক সপ্তাহ লিগ পেছানোর পক্ষে। লিগ কমিটি সেটি বিবেচনা করছে। দুই-একদিনের মধ্যে লিগ কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
রবিবার একটি গোলটেবিল বাফুফের সমালোচনা করেছেন কিছু সাবেক ফুটবলার। সংবাদ মাধ্যম এ বিষয়টি সালাম মুর্শেদীর কাছে তুলেছিলেন। জবাবে সালাম বলেন, ‘নির্বাচন করে আসুন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’
