কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের ফার্মেসি। এসব ফার্মেসিতে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর বাজারসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লার মোড় ও শিল্পপ্রতিষ্ঠানের পাশে সহস্রাধিক ওষুধের দোকান বা ফার্মেসি গড়ে উঠেছে। এসবের অধিকাংশেরই নেই কোনো লাইসেন্স বা অনুমোদন। ফার্মাসিস্টদের অনুপস্থিতিতে কোনো ওষুধ বিক্রি করা যাবে না ও ফার্মেসির সুস্পষ্ট স্থানে ড্রাগ লাইসেন্স প্রদর্শন করার বিধান থাকলেও অধিকাংশ ফার্মেসী মালিকই তা মানছেন না।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কালিয়াকৈর শাখার সভাপতি মো. মাহবুব বকসী বলেন, আমাদের সমিতির আওতায় ৮২টি ফার্মেসি রয়েছে। তারমধ্যে ৬০টির লাইসেন্স বা অনুমোদন নেই। তবে যেসব দোকানের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করতে সমিতির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার ফার্মেসিগুলো তাদের সমিতির আওতাভুক্ত নয় বলে তিনি জানান।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বলেন, লাইসেন্সবিহীন অবৈধ ওষুধের ফার্মেসিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকারকে এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, এ ব্যাপারে খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
