চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আট বছরের ছেলে রেদুয়ানকে গলাটিপে হত্যার দায়ে সত্-মা রোজিনা খাতুন ওরফে খাদিজাকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মিয়াপাড়া মহল্লার আব্দুর রহিমের (৩৩) দ্বিতীয় পক্ষের স্ত্রী।
মামলার বরাত দিয়ে সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণির ছাত্র রেদুয়ানকে গলাটিপে হত্যা করে রোজিনা। রাতে নিহতের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ৮ অক্টোবর অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সত্-মা রোজিনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ঐদিনই তাকে আটক করে পুলিশ। এরপর আদালতে রোজিনা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
