কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দোকান কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টু হত্যা মামলায় লিটন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের পর চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ঐ দণ্ডাদেশ প্রদান করেন।
