বরিশাল অফিস
নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও মাদকসহ আরিফ খন্দকার নামের একজনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার দুপুরে র্যাব-৮ বরিশাল সদরদপ্তর থেকে প্রেরিত ইমেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। আটক আরিফ খন্দকার নগরীর চরকাউয়া হিরন নগর এলাকার মৃত কাশেম খন্দকারের ছেলে। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রবিবার রাত ১০টার দিকে ভাটারখাল এলাকার কোস্টগার্ড জেটির প্রবেশপথে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরিফ খন্দকারকে আটক করে। র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত আরিফের স্বীকারোক্তি অনুযায়ী দুইটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড অ্যামোনিশন, একটি পিস্তলের ম্যাগাজিন, ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. লুত্ফর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা করেছেন।
