করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৪২

কয়েকদিন ধরে নতুন এক ভাইরাস সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে, এর মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। করোনা ভাইরাসের নতুন এই সংস্করণ শুরু হচ্ছে জ্বর দিয়ে। তারপর কাশি থেকে গলাব্যথা। এমনকি কারো কারো তীব্র শ্বাসকষ্টের পর নিউমোনিয়া দেখা দেয়। আমরা এরই মধ্যে জেনেছি, চীনে এই ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হয়েছে। আর এ কারণেই আশঙ্কা করা হচ্ছে, এই ভাইরাস দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তবে আশার কথা, ভাইরাসটি প্রতিরোধযোগ্য। দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিত্সা এবং এ নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে পারলে নিয়ন্ত্রণে থাকবে করোনা ভাইরাস। বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার রোধে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষ করে রোগ ছড়ানোর অন্যতম উত্স দেশগুলো থেকে আসা মানুষকে বিমানবন্দরেই থার্মাল স্ক্যানিং শুরু করেছে। বিমানকর্মীদের পাশাপাশি কাজ করছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। নিশ্চিত করেই বলা যায়, এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলে শুধু করোনা ভাইরাস কেন, যে কোনো বড়ো সমস্যারও সমাধান দ্রুত সম্ভব মনে করি।

অমিত বণিক, উত্তরা, ঢাকা