শিল্পপ্রতিষ্ঠানের জমির নামজারি ৭ দিনেই

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীকে উত্সাহ দিতে এখন থেকে মাত্র সাত দিনেই শিল্পপ্রতিষ্ঠানের জমির নামজারি করা হবে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন বিদ্যমান সব গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এ সুবিধা পাবে। গতকাল সোমবার এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের ‘সহজে ব্যবসা করার সুযোগ’-এর সূচকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও এখনো তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। বাংলাদেশের স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি তথা দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে ‘সহজে ব্যবসা করার সুযোগ’-এর সূচকে দেশকে আরো অনেক ধাপ এগিয়ে যেতে হবে। এ অবস্থায় ভূমি মন্ত্রণালয় শিল্পপ্রতিষ্ঠানের জমির নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ পরিপত্র জারির ঘোষণা দিয়েছিলেন।

সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থেকে সেবা দানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন। এছাড়া প্রতি মাসে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ককে এ ব্যাপারে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতিবেদন দেবেন।