মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক
ইত্তেফাক রিপোর্ট
গ্রাহকের সোয়া ৯ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে তা আত্মসাত্ করার অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিরা হলেন সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী, এমডি শামসুন নাহার ও ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন।
দুদক সূত্র জানায়, গতকাল সোমবার দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিহান আবরার চৌধুরী নিজের অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহারের সহায়তায় আমানতকারীর আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে ঋণ হিসেবে গ্রহণ করে আত্মসাত্ করেন।
