বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ছিলেন বহু মানুষের অনুপ্রেরণার উত্স। বাংলাদেশ সময় গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেয়ে জিয়ানা মারিয়া ওনোরসহ ৪১ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি।
কোবি বাস্কেটবল খেলে প্রসিদ্ধি অর্জন করলেও পরে খেলাটিকে ছাপিয়ে আরো বড়ো হয়ে উঠেছিলেন। এক নামেই সবাই চিনত তাকে। আমেরিকানদের কাছে সবচাইতে বেশি স্বীকৃত সুপারস্টার ছিলেন তিনি। ঐ দুর্ঘটনা কন্যা ১৩ বছরের জিয়ানা ছাড়াও আরো সাত আরোহী মারা যান। বাবার মতো জিয়ানাও সম্প্রতি বাস্কেটবল খেলতে শুরু করেছিলেন। মেয়েকে খেলার জন্য পৌঁছে দিতেই ব্যক্তিগত ঐ হেলিকপ্টারে চড়েছিলেন তিনি।
স্ত্রী ভেনেসা ও আরো তিন কন্যা নাতালিয়া, বিয়াংকা ও ক্যাপরিকে রেখে গেছেন কোবি।
দুনিয়াখ্যাত বাস্কেটবল লিগ এনবিএর লস অ্যাঞ্জেলস লেকারে খেলতেন তিনি। দলটির হয়ে ২০ বছরের ক্যারিয়ার ছিল তার। অন্য কোথাও খেলেননি। ২০১৬ সালে অবসর নেওয়ার আগে পাঁচবার দলটিকে শিরোপা জিতিয়েছিলেন। ১৮ বার ছিলেন এনবিএর অলস্টার।
খেলা ছেড়ে দেওয়ার পর মাল্টিমিডিয়া কোম্পানি খোলেন। এ কোম্পানির হয়েই নিজের এক কবিতা ‘ডিয়ার বাস্কেটবল’ অনুসরণে অ্যানিমেশনভিত্তিক পাঁচ মিনিটের ছবির জন্য পান অস্কার পুরস্কার। এছাড়াও ব্যবসাসফল মানুষ ছিলেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটনসহ ক্রীড়া বিশ্বের তারকারা। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, তিনি ছিলেন অনুপ্রেরণার উত্স।
