বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল যে বিবৃতি দিয়েছে সেটাকে মনগড়া ও পরিকল্পিত মিথ্যাচার বলে উল্লেখ করেছে বিএনপি। খালেদা জিয়াকে মুক্তি দিতে তার ও সুচিকিত্সার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে রিজভী বলেন, খালেদা জিয়াকে বন্দি রেখে হত্যার আয়োজন সম্পন্ন করেছে সরকার। তাকে দেখে এসে তার স্বজনরা জানিয়েছেন, দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। ক্ষণে ক্ষণে বমি করছেন। প্রায়শই প্রচণ্ড জ্বর উঠছে। তীব্র ব্যথায় কাতরাচ্ছেন। বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে। বিএসএমএমইউ হাসপাতালে যে চিকিত্সা দেওয়া হচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না। দ্রুত তার উন্নত চিকিত্সার ব্যবস্থা করতে হবে।
রিজভী বলেন, বিএসএমএমইউ পরিচালক খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক সংবাদ বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে—খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হলেও কিছু ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, মুখের ঘা সেরে গেছে, দাঁতের ব্যথা ভালো হয়েছে, শারীরিক দুর্বলতার উন্নতি হয়েছে। আর্থারাইটিসের ব্যথা কমানোর জন্য আধুনিক চিকিত্সা সেবা প্রদানে তাকে পরামর্শ দেওয়া হয় কিন্তু তিনি নাকি আর্থারাইটিসের চিকিত্সা নিতে সম্মতি জ্ঞাপন করেননি, ফলে আর্থারাইটিসের আশানুরূপ উন্নতি হচ্ছে না।
রিজভী বলেন, পরিচালকের এসব বক্তব্য সম্পূর্ণ অসত্য, মনগড়া ও ফরমায়েশি। ঐ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি নেই বলেই কাদের সাহেবরা বিদেশে চিকিত্সা নেন। তার এই বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি।
