যুক্তরাষ্ট্রে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে দরকষাকষির নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন তদন্তে সহায়তা না করলে দেশটিতে করা নিরাপত্তা সাহায্য স্থগিত রাখতে বলেছিলেন প্রেসিডেন্ট। বোল্টন তার অপ্রকাশিত একটি বইয়ে এমন দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের বিচার চলাকালে এমন তথ্য তার জন্য বিপদের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএন ও আল-জাজিরা’র
রবিবার প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, এই তথ্য বোল্টনকে সিনেটে সাক্ষী হিসেবে হাজির করতে রিপাবলিকানদের ওপর চাপ বাড়াতে পারে। ডেমোক্র্যাটরা অনেক দিন ধরেই তাকে সাক্ষী হিসেবে হাজির করার দাবি জানিয়ে আসছেন। বোল্টনের আইনজীবী চার্লস কুপার জানিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সত্য। গত ৩০ ডিসেম্বর অপ্রকাশিত বইয়ের একটি খসড়া জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে ক্লাসিফাইড তথ্যের জন্য দেওয়া হয়েছিল। তবে এটা দু:খজনক যে, অপ্রকাশিত বইয়ের তথ্য কেউ প্রকাশ করে দিয়েছেন। চলতি সপ্তাহে সিনেটে সাক্ষী উপস্থিত করা হবে কিনা সেই বিষয়ে ভোট হওয়ার কথা। বোল্টনের নতুন দাবি সেই ভোটাভুটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিপদে ফেলতে পারে। বোল্টন তার বইয়ে জানিয়েছেন, গত আগষ্টে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নির্দেশ দিয়েছিলেন যে, ইউক্রেন ডেমোক্র্যাট বিশেষ করে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে সহায়তা না করা পর্যন্ত সামরিক সাহায্য স্থগিত রাখা হোক। যদিও গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প সিরিজ টুইটে বোল্টনের দাবি অস্বীকার করেছেন। গতকালও সিনেটে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে তাদের যুক্তি তুলে ধরেছেন।
ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে ডেমোক্রেট দলের হোয়াইট হাউজের প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাইডেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের আহ্বান জানিয়েছেন, যার ছেলে হান্টার ইউক্রেনের জ্বালানী ফার্ম বুরিশমার একজন বোর্ড সদস্য। তা নাহলে তিনি সামরিক সহায়তা স্থগিত রাখার কথা বলেন। দ্বিতীয় অভিযোগ, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউজের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান, যার মাধ্যমে ট্রাম্প কংগ্রেসকে বাধা দেন।
