বড়লেখার চা-বাগানে নৃশংসতা :বাঁচানো গেল না কানন বালাকে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৮

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল চা-বাগানে স্ত্রী, শাশুড়িসহ চার জনকে খুন করে নির্মল কর্মকার নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় আহত প্রতিবেশী কানন বালা (৩৪) মারা গেছেন। ঘটনার আট দিন পর গতকাল সোমবার সকালের দিকে চিকিত্সাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি ঐ বাগানের মৃত বসন্তবক্তার স্ত্রী। গত রবিবার (১৯ জানুয়ারি) খুন হওয়া চার জনের মধ্যে তার স্বামী বসন্ত ও মেয়ে শিউলি ছিলেন। 

কানন বালা মারা যাওয়ার বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন বড়লেখার শাহবাজপুর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন এবং পাল্লাথল চা-বাগানের হেড ফ্যাক্টরি ক্লার্ক অঞ্জন দাস।

এদিকে পাঁচটি আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরেকটি মৃত্যুর সংবাদে পাল্লাথল বাগানের শ্রমিকরা শোকে আবারও স্তব্ধ। কানন বালার মৃত্যুতে তার পরিবারের আর কেউ বেঁচে রইল না।