হত্যা করে কাটা মাথা নিয়ে চাঁদাবাজির মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:৩৮

পুরান ঢাকায় রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে আসামি রুবেল ও রনি বিশ্বাসের দণ্ড বহাল রাখে আদালত। ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামিদের আপিল খারিজ করে এ রায় দেয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি রুমান মারা যাওয়ায় তার বিষয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ এবং আসামিপক্ষে গোলাম আব্বাস চৌধুরী শুনানি করেন।

২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকায় রুবেলকে খুন করে আসামিরা। তার শরীর থেকে মাথা ছিন্ন করে ফেলা হয়। ঐ কাটা মাথা নিয়ে আসামিরা হোটেল শাহ কামাল অ্যান্ড মিম রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে চাঁদা দাবি করে। আসামিরা বলে, ২ লাখ টাকা দাও। নইলে তোমার অবস্থা একই রকম হবে। তখন ম্যানেজার জাহাঙ্গীর টাকা আনার কথা বলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।

আসামি রুবেলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে। রনির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউড়ীতে। রুমানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোদালিয়া উত্তরপাড়ায়। ২০১৮ সালে কনডেম সেলে থাকা অবস্থায় রুমান মারা যান।