জাবি শিক্ষক সমিতি নির্বাচন

ভিসিপন্থিদের নিরঙ্কুশ জয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে উপাচার্যপন্থি প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভিসিপন্থি প্যানেল থেকে সভাপতি হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন, সহসভাপতি পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ আইবিএ ইনস্টিটিউটের অধ্যাপক মো. মোতাহার হোসেন। আর ভিসি বিরোধী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন জয় লাভ করেছেন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।

সদস্য পদে ভিসিপন্থি প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক ইসমত আরা, সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম, সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাহ্ফুজা খাতুন। ভিসি বিরোধী প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক উম্মে সায়কা ও সহযোগী অধ্যাপক হোসনে আরা।

ভিসিপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ ও ভিসি বিরোধী শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেন।