ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার রাদওয়ান মুজিব সিদ্দিক। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের বনানীর প্রচারণা অফিসে এসে এ আহ্বান জানান তিনি।
এ সময় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। সত্, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। অন্য প্রার্থীদের থেকে সততা, দক্ষতা ও যোগ্যতায় আমাদের প্রার্থীরা যে এগিয়ে রয়েছেন, এ কথা সবাইকে জানাতে হবে।
ডিএনসিসির মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনি অফিসে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের উপস্থিতিতে উজ্জীবিত হন সেখানে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
