পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যেসব নাগরিক চীন থেকে ফেরত আসতে চাইবেন, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। গতকাল সোমবার এক ফেইসবুক পোস্টে তিনি এ কথা জানান। চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘কী প্রক্রিয়ায় এটি করা হবে, তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। চীন থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা করতে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যে কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি হটলাইন চালু করেছে। শিক্ষার্থী ও গবেষকেরা সপ্তাহের সাত দিন হটলাইনের +৮৬ ১৭৮-০১১১-৬০০৫ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা নিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
