গুচ্ছ পদ্ধতিতে দুই দিন ধরে পরীক্ষা হবে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:৫৩

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সারাদেশে একযোগে দুদিন সকালে ও বিকালে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথম দিন সকালে বিজ্ঞান বিভাগের রসায়ন, বায়োলজি, জীববিজ্ঞান ও গণিত এবং বিকালে চিত্রাঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন মানবিক ও ব্যবসায় বিভাগের বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষার আয়োজন করা হবে। বিকেলে কেবল ব্যবসায় বিভাগের জন্য অ্যাপটিটিউড (স্বাভাবিক জ্ঞান) বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করতে এমন প্রস্তাবনা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী সপ্তাহে বিষয়টি চূড়ান্ত করতে বড়ো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আবারও ইউজিসিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রস্তাবনায় না থাকলেও আবেদনে বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি বিশ্ববিদ্যালয় ও একাধিক বিষয় নির্বাচনের অপশন রাখার চিন্তা করা হচ্ছে। 

সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তাবনায় দেখা গেছে, ইউজিসির আয়োজনে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা নির্দিষ্ট করে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় ও বিষয়ের অপশন চেয়ে আবেদন আহ্বান করা হবে এবং প্রতিটি গুচ্ছের জন্য অপশনসহ মেরিট লিস্ট তৈরি করা হবে। শিক্ষার্থীদের দুই দিনের মধ্যে বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে সেন্ট্রাল মনিটিরিং কমিটিকে ডিজিটাল পদ্ধতিতে জানাতে বলা হবে। ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয় নির্ধারিত হলে ভর্তি শুরু হবে। ঢাকায় বড়ো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত বুথ তৈরি করা হবে যেখান থেকে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ইউজিসির তথ্য মতে, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় ৪৬টি।