সেবায় নেশায়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

শীতকাল মানেই আমাদের কাছে কম্বল মুড়ি দিয়ে তৃপ্তি ভরে ঘুমানোর সময়। মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তদের মাঝে শীতকাল ততটা প্রভাব না ফেললেও দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল মানেই অবর্ণনীয় কষ্টের এক সময়। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। আর এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। সেই দায়িত্ববোধ থেকে এ বছরের হাড়-কাঁপানো শীতে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) মেডিসিন ক্লাব পরিবার।

এ বছর ‘আর্তের সেবায় আমরা একটি পরিবার’ স্লোগানকে সামনে রেখে তিন দফায় শীতবস্ত্র বিতরণ করেছে মমেক মেডিসিন ক্লাব। প্রথম দফায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভাংনামারি ইউনিয়নের কাশিয়ার চর ও চর ভাবখালী গ্রামের প্রায় ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে মেডিসিন ক্লাব পরিবার। দ্বিতীয় দফায় ময়মনসিংহের মাসকান্দায় অবস্থিত আল মানার এতিম খানা ও তৃতীয় দফায় দারুস সালাম নূরানিয়া হাফেজিয়া এতিমখানার প্রায় শতাধিক শিশুর মাঝে কম্বল বিতরণ করে মেডিসিন ক্লাবের সদস্যরা।

এই সংঠনটির প্রতিষ্ঠার পেছনের গল্প, উদ্দেশ্য ও কর্মযজ্ঞ নিয়ে জানতে চাইলে মমেক মেডিসিন ক্লাবের বর্তমান সভাপতি ফুয়াদ আল সাদিক বলেন, ১৯৮১ সালের ৩১ জানুয়ারির পড়ন্ত বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের লাইব্রেরি রুমের একটি টেবিলে জটলা পাকিয়ে বসে কয়েকজন ছাত্রছাত্রী। পড়াশোনার ফাঁকে অবসর সময়টুকু কে মহত্ কোন উদ্দেশ্যে কাজে লাগানোর পথ খুঁজতেই তারা সেদিন মিলিত হয়। সেদিন বিকেলের টেবিলের সেই আড্ডা থেকেই যাত্রা শুরু করে আজকের ‘মেডিসিন ক্লাব’।