স্পোর্টস রিপোর্টার
বক্সিং ডেতে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য মেলবোর্ন টেস্টেও পেস বান্ধব উইকেট চায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সেটাই হবার কথা, কারণ অস্ট্রেলিয়ার পেস আক্রমণের তিন অস্ত্র হলেন মিশেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজে এখন ১-১ সমতা। অ্যাডিলেড ও পার্থের মতো মেলবোর্নেও ঘাস আশা করছেন অস্ট্রেলিয়ার পেসাররা। স্টার্ক বলেন, ‘এখানকার উইকেট নিয়ে বির্তক রয়েছে। এখনও জানি না, এখানকার উইকেট কেমন হবে। তবে এখানের উইকেটে ঘাস আশা করছি।’
সর্বশেষ অ্যাশেজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতেই। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ঐ ম্যাচ শেষে মেলবোর্নের এই পিচক খারাপ হিসেবে পরিচিতি পাওয়ায় বলে পরবর্তীতে জরিমানাও করা হয়। এতেও টনক নড়েনি মেলবোর্ন ভেন্যুর কর্মকর্তাদের।
শেফিল্ড শিল্ডের ম্যাচগুলোতেও ম্যাড়মেড়ে উইকেট বানানো হয়েছে। তবে মেলবোর্ন টেস্টে অন্য এক উইকেট দেখা যেতে পারে। অ্যাশেজের ঐ বিতর্কের পর এই ভেন্যুতে নতুন কিউরেটরের দায়িত্ব পেয়েছেন ম্যাট পেজ নামে এক ভদ্রলোক। তাই এই কিউরেটরকে ঘাস রাখার পরামর্শ দিয়েছেন স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সরা।
স্টার্ক বলেন, ‘গেল বছর ও শেফিল্ড শিল্ডের সময় এই উইকেট আমি দেখেছি। যা দেখেছি, তা বোলারদের সহায়ক ছিল না। তবে সামনের সপ্তাহে শুরু হওয়া টেস্টে অবাক করার মতো কিছু থাকবে। আমার মনে হয়, ভালো উইকেট হবে। উইকেটে ঘাস চাইছি আমরা।’
স্টার্কের কথার সাথেই যেন সুর মেলালেন হ্যাজেলউড। তিনি বলেন, ‘আমি কিউরেটরের সাথে কথা বলেছি। এখানো সিদ্ধান্ত হয়নি, কেমন উইকেট হবে। কিন্তু আমরা আমাদের সুবিধার কথাই চিন্তা করছি। যেহেতু আমাদের পেস অ্যাটাক বেশ ভালো। আশা করছি, এমন উইকেট তৈরি হবে যা থেকে আমরা উপকৃত হবো।’
তবে কামিন্স আগ থেকে উইকেট নিয়ে কিছুটা আন্দাজ করতে পারছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না, বর্তমানের মতই উইকেট থাকবে। উইকেটে ঘাস রাখা হবে। বোলারদের কথা চিন্তা করা হবে। তাই তৃতীয় টেস্টেও ফল আশা করা যায়। সম্প্রতি এখানে তিনটি শেফিল্ড শিল্ডের ম্যাচ হয়েছে। প্রথম দুটিতে কিছুটা ঘাস ছিল। তাই ফলাফল হয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচে ভালো উইকেট ছিল না। আমার মনে হয়, প্রথম দুই ম্যাচের মতো উইকেট দেখতে পাবো আমরা।’
