অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল খেলা। এবারের দলটাকে নিয়ে আরেকটু বেশি প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশার পথে দুটো বাঁধা এসে দাঁড়িয়েছে—কোয়ার্টার ফাইনালের আগে চোট জর্জরিত বাংলাদেশ শিবির এবং কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব বলছিলেন, তারা এই অবস্থায়ও কোয়ার্টার ফাইনাল পার করার ব্যাপারে আশাবাদী।
৩০ জানুয়ারি পচেফস্ট্রুমে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চোটে বাংলাদেশ বিশ্বকাপ থেকে হারিয়ে ফেলেছে এই দলটার গত দুই বছরের অন্যতম ধারাবাহিক পারফরমার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। এছাড়া গোড়ালির ইনজুরিতে ভুগছেন ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন।
সাকিব বলছিলেন, এই দুই ইনজুরি তাদের বিপদে ফেলেছে। কিন্তু এই বিপদ পার করতে প্রস্তুত তারা, ‘ঠিক বাড়তি চাপ না। এটাকে দল হিসেবে আমাদের ভালোভাবে সামলাতে হবে। আমাদের দলের সবাই এ জন্য তৈরি আছে। আমরা জানি, মৃত্যুঞ্জয়ের মতো একজন অলরাউন্ডারের অভাব সামাল দেওয়া সহজ ব্যাপার না। উনি দেশে চলে গেছে। আবার শামীম ভাই সেদিন অনুশীলনে অ্যাংকেলে চোট পেয়েছে। দল হিসেবে এগুলো আমাদের সামলাতে হবে। কারণ, ইনজুরির ব্যাপারে তো আমাদের কিছু করার নেই।’
দুই জনের মধ্যে মৃত্যুঞ্জয়ের চোটটা দলের জন্য বড়ো আঘাত হয়ে এসেছে। সেটা স্বীকার করেও সাকিব বলছিলেন, ‘হ্যা। মৃত্যুঞ্জয় প্রথম চেঞ্জে বল করতে আসে। ও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। পেস বদল করে বল করতে পারে। ও খুব ইফেক্টিভ ছিল। ফলে ওকে রিপ্লেস করাটা কঠিন ব্যাপার। তারপরও আমাদের এটা করতে হবে।’
এর পরের চ্যালেঞ্জ হলো এই খর্বশক্তির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া। সাকিব বলছেন, সে জন্য তারা যথেষ্ঠ প্রস্তুতি নিচ্ছেন, ‘আমরা ম্যাচে যে ধরনের পরিস্থিতিতে পড়তে পারি, সেই ধরনের বল করার চেষ্টা করি নেটে। নেটে যাতে ম্যাচে কাজে লাগে, সেটা নিশ্চিত করতে চাই। এ হিসেবে বলতে পারি, ম্যাচের জন্য আমরা যথেষ্ঠ প্রস্তুত।’
দক্ষিণ আফ্রিকা দল নিয়ে খুব ভালো ধারণা না থাকলেও হোম ওয়ার্কে ঘাটতি থাকছে না বলে বলছিলেন মিডিয়াম পেসার সাকিব, ‘আমাদের স্যাররা (কোচ) সবসময়ই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুর্বলতা-শক্তি আমাদের দেখিয়ে দেন। সব কোচই এটা নিয়ে কাজ করেন। ওদের কোন দিকটা দুর্বল, কোথায় আমাদের বল করা উচিত, এগুলো নিয়ে আমরা কাজ করছি।’
সাকিব মনে করেন, দলের সবাই প্রস্তুত আছেন ভালো খেলার জন্য। সেই খেলাটা খেলতে পারলে কোয়ার্টার ফাইনালে ভালো করার সম্ভাবনাই দেখেন তিনি, ‘নেটে সবাই ভালো বল করছে, ভালো ব্যাটিং করছে। সবাই খুব ভালো অবস্থায় আছে। আশা করি, ম্যাচে সবাই শতভাগ দেবে। আর সেটা দিতে পারলে আমরা জয় নিয়ে আশাবাদী।’
