অভিষেক হয়েছিল ২৫ নভেম্বর ২০১২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ টেস্টটি খেললেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০২০ সালের ০৩ জানুয়ারি। সাত বছর এক মাসের ব্যবধানে টড অ্যাস্টেল নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র পাঁচটি। এই পাঁচ টেস্টে সাত উইকেটের স্মৃতি নিয়েই গতকাল লাল বলের ক্রিকেটের ইতি টানলেন ৩৩ বছর বয়সি এ লেগস্পিনার। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অ্যাস্টেল কিউইদের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কেন্টারবেরি স্টলওয়ার্টের এই তারকা ক্লাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। তবে নিউজিল্যান্ডের ক্লাবটির হয়ে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ৩০৩ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট থেকে অবসর নিলেও ব্ল্যাক-ক্যাপদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার ইচ্ছে আছে অ্যাস্টেলের।
