মৌসুম জুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্সের কারণে প্রায়ই তোপের মুখে পড়ছেন দলটির কোচ ওলে গুনার সোলসার। ঘরের মাঠে ৫৭ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে বার্নলির বিপক্ষে হারের পর জোরালো হয়েছে সেই সমালোচনা। এমন অবস্থায় ধারাবাহিক সাফল্যের জন্য সময় চেয়েছেন নরওয়ের এই কোচ। ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর গত মৌসুমে তাদের প্রথম শিরোপা এনে দেন জার্মান কোচ য়ুর্গেন ক্লপ। সাফল্যের প্রশ্নে তার উদাহরণ দিয়ে সময় চান সোলসার, ‘অবশ্যই, আপনারা দেখতে পারেন যে অন্য দলগুলো ভালো করেছে। য়ুর্গেন তার দল গড়ে তুলতে চার বছর সময় নিয়েছে। আর এখন তারা ভালো করছে। আমি এটা অনেকবার বলেছি। রাতারাতি কিছুই ঠিক হবে না।’
