সিসিডিএম বলছে স্বাভাবিক ম্যাচ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:০১

৪৮ ছক্কা, ৭০ চারে ৮১৮ রানের ম্যাচ

দ্বিতীয় বিভাগ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

গত কয়েক বছর ধরে নানা কারণেই খবরের শিরোনাম হয়ে আসছে ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরের লিগগুলো। বেশিরভাগই নেতিবাচক খবর। বাজে আম্পায়ারিং, ম্যাচ গড়পেটার অভিযোগও এসেছে। নতুন করে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আবার আলোড়ন ফেলেছে ঢাকার ক্রিকেটাঙ্গনে। এবার অবশ্য রান বন্যার কারণে সবার নজর পড়ল দ্বিতীয় বিভাগ ক্রিকেটে।

গত ২৭ জানুয়ারি নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি-ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচটিই রান উত্সবের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে। সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত ঐ ম্যাচে রান উঠেছে ৮১৮! যেখানে দুই দলের ব্যাটসম্যানরা ৪৮টি ছক্কা ও ৭০টি চার মেরেছেন। ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোনো স্তরেই ৫০ ওভারের ম্যাচে অতীতে কখনো এত রান হয়নি। এই রানের ম্যাচ নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি জিতেছে ৪৬ রানে।

যদিও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) অবশ্য এই ম্যাচে অস্বাভাবিক কিছু দেখছে না। রান বন্যা হয়েছে ম্যাচের স্বাভাবিক গতিতেই। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দুই দলই খুব ভালো খেলে ফেলেছে। গতকাল জানতে চাইলে সিসিডিএমের ইনচার্জ মহিউদ্দিন রাসেল বলেছেন, ‘স্বাভাবিক ম্যাচ হয়েছে। দুই দল অনেক ভালো খেলেছে। সিটি ক্লাব মাঠও একটু ছোটো। এক দল অনেক রান করায়, আরেক দলও আক্রমণাত্মক ব্যাটিং করেছে।’

আগে ব্যাট করে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ৪ উইকেটে ৪৩২ রান তুলেছিল। দলটির ব্যাটসম্যানরা ৩৪টি চার ও ২৭টি ছক্কা মেরেছেন। সেঞ্চুরি করেছেন মাহাফিল ইসলাম মিরাজ। ১১৭ বলে ১১৬ রান (১৩ চার, ৪ ছয়) করেন তিনি। শাওন ইসলাম ৩৩ বলে ৯২, মোহাইমেনুল ইসলাম ১০৭ বলে ৯৫, ইদ্রিস আলী ২৫ বলে ৮৫, আল জুবায়ের ১৯ বলে অপরাজিত ৪৫ রান করেন।

ট্যালেন্ট হান্ট একাডেমি প্রতিপক্ষ জবাবটাও দিয়েছে চোখে চোখ রেখে। ব্যাট হাতে দলটির ব্যাটসম্যানরাও বিধ্বংসী ব্যাটিং করেছেন। ৭ উইকেটে ৩৮৬ রান করেছিল ট্যালেন্ট হান্ট একাডেমি। তারা মেরেছে ২১টি ছয় ও ৩৬টি চার। ছয় নম্বরে নেমে কাজী রিয়াজুল ইসলাম সেঞ্চুরি করেছিলেন। ১০৪ বলে ১১২ রান করেন তিনি। রুশাদ ২৩ বলে ৬৭, আসিফ হুমায়ন রিমন ২৪ বলে ৪৪, আরমান হোসেন ৩৩ বলে ৪৯ রান করেন। ৮ ওভারে ১০১ রান দিয়েছেন নর্থ বেঙ্গল একাডেমির মোহাম্মদ বিদ্যুত্।

লিস্ট-এ ক্রিকেট তথা ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি রান হয়েছে ২০০৬ সালে। জোহানেসবার্গে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচে রান উঠেছিল ৮৭২ রান। সেটিই এখনও সর্বোচ্চ রানের ম্যাচের রেকর্ড হয়ে আছে।

তবে ঢাকার দ্বিতীয় বিভাগের ম্যাচ লিস্ট-এ মর্যাদার নয় বলে রেকর্ডে থাকছে না নর্থ বেঙ্গল-ট্যালেন্ট হান্টের ঐ ম্যাচ।