স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর শুরু হবে আগামী ২৯ মার্চ। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই খবর নিশ্চিত করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শুরু হবে আসর। ২৪ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল। সেটার ভেন্যুও মুম্বাই।
নয়াদিল্লীতে গত সোমবার এক বিশেষ বৈঠকে বসেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই সূচি চূড়ান্ত করা হয়। সেখানে অন্যান্য সিদ্ধান্তের মতো এটাও জানানো হয় যে খেলার সময়সূচিতে কোনোরকম পরিবর্তন আসছে না।
বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন, ‘আইপিএলের রাতের ম্যাচগুলোর সময়সূচিতে আমরা কোনো পরিবর্তন আনছি না। এটা আগের মতোই রাত ৮টায় (ভারতীয় সময়) শুরু হবে।’
এবারই প্রথমবারের মতো আইপিএলে ‘কনকাশন সাব’ প্রথার আবির্ভাব ঘটবে। মানে মাথায় বল লেগে কোনো খেলোয়াড় আহত হলে চাইলে তার বদলি হিসেবে স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটারকে মাঠে নামাতে পারবে দলগুলো। নোবলের ক্ষেত্রে চালু হবে নতুন আইন।
বিসিসিআই সভাপতি জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগে এবার একটা আইপিএল অল-স্টার ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আইপিএল শুরুর তিন দিন আগে। এখন থেকে প্রতিবছরই এমন একটি ম্যাচ আয়োজন করতে চায় বিসিসিআই।
