মুজিববর্ষে নিউ ইয়র্কে
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিউ ইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইন্ক।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা আরো জানান, নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার ২০টি ফুটবল দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং তিন শতাধিক অ্যাথলেটের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ১৬ মার্চ। এ প্রতিযোগিতা শেষ হবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চে।
নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের একসময়ের সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকদের নিয়ে গঠিত এই সংস্থা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে ২৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে।

