চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে উইন্ডোজ সেভেনের অফিশিয়াল সাপোর্ট শেষ হয়ে গেছে। মানে এই ওএসটি এখন ডেড, যদি আপনি মাইক্রোসফটকে অ্যাডিশনাল টাকা প্রদান করেন সেক্ষেত্রে তারা আপনাকে আরো তিন বছরের জন্য আলাদা সাপোর্ট প্রদান করবে। যা-ই হোক, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন একটি পিটিশন ফাইল করেছে, যেখানে উইন্ডোজের কোডকে ওপেন সোর্স করার জন্য মাইক্রোসফটের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে অপারেটিং সিস্টেমটি আপ-সাইকেল করা যেতে পারে।
‘উইন্ডোজ সেভেনের সাপোর্ট শেষ, কিন্তু এর মানে এটা নয় উইন্ডোজ সেভেনের লাইফটাইমও খতম হয়ে যাবে। পুরো ডেড করে দেওয়ার চেয়ে আমরা মাইক্রোসফটের কাছে ওএসটি আপসাইকেল করতে দাবি রাখতে পারি!’ ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন এমনটাই বলেছে!
তো বোঝাই যাচ্ছে, ফাউন্ডেশনটি উইন্ডোজ সেভেনের জীবনকাল শেষ করার পক্ষে মোটেই রাজি নয়। সুতরাং তারা একটি পিটিশন দায়ের করেছে, যেখানে মাইক্রোসফটকে তাদের উইন্ডোজ সেভেন ফ্রি ও ওপেন সোর্স করে দেওয়ার দাবি জানানো হয়েছে। তাদের মতে, যারা অপারেটিং সিস্টেম নিয়ে পড়াশোনা ও উন্নতি করতে চায় তাদের জন্য উইন্ডোজ সেভেন ওপেন সোর্স হয়ে গেলে বেশ কাজের হতে পারে।
ফাউন্ডেশনটি কমপক্ষে ৭ হাজার ৭৭৭টি সাইন লক্ষ করেছে, যাতে মাইক্রোসফটের কাছে ব্যাপারটি গুরুত্ব পায়। এই আর্টিকেলটি লেখার সময়ে পিটিশনটিতে অলরেডি ৪ হাজার ৫০০+ সাইন পড়ে গিয়েছে! তবে উইন্ডোজ সেভেনকে ওপেন সোর্স করা নিয়ে যতই গলা ফাটাক না কেন ফাউন্ডেশনটি, এতে মনে হয় না মাইক্রোসফট তেমন একটা কানে তুলবে ব্যাপারটিকে!
যদি উইন্ডোজ সেভেনের মেয়াদ শেষ কিন্তু কোম্পানি এখনো তিন বছরের সাপোর্ট প্রদান করবে, যদি আপনি সঠিক টাকা পে করতে পারেন। আর জার্মান সরকার অলরেডি এক্সটেন্ডেড সাপোর্টের জন্য ৮ লাখ ৮৭ হাজার ডলার পরিশোধ করেছে মাইক্রোসফটকে। তো বুঝতেই পারছেন, উইন্ডোজ সেভেন ডেড হয়ে যাওয়ার পরেও মাইক্রোসফট এ থেকে রাশি রাশি ডলার কামাতে সক্ষম। মানে অনেকটা জিন্দা মুরগির চেয়ে যেমন মরা মুরগির দাম বেশি আর কি!
মাইক্রোসফট উইন্ডোজ সেভেনকে ফ্রি আর ওপেন সোর্স করার ব্যাপারে ভুলেও ভেবে দেখবে না। দ্য রেজিস্টার এই ব্যাপারে মাইক্রোসফটকে প্রশ্ন করলে তারা উত্তরে জানায়, এমন উড়ো খবরে মাইক্রোসফট কোনো কমেন্ট দিতে রাজি নয়।
