দু’দলকেই জরিমানা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলকেই ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। ২০ ডিসেম্বর বাংলাদেশের ৩৬ রানে জেতা এই ম্যাচে বড় জরিমানা গুনতে হয়েছে দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কার্লোস ব্রাথওয়েটকে। সেই সাথে দুই জনই পড়ে গেছেন নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে।

সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল নির্ধারিত সময়ে বেধে দেওয়া ওভারের চেয়ে এক ওভার পিছিয়ে ছিলেন। আম্পায়াররা এটা শনাক্ত করার পর বাংলাদেশকে জরিমানা করা হয়। অন্যদিকে কার্লোস ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল দুই ওভার।

আইসিসি খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারীদের জন্য তৈরি আচরণবিধির ২.২২.১ ধারা মতে, ধীরগতির ওভার রেটের কারণে প্রতি এক ওভারের জন্য খেলোয়াড়দের ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। সেই সাথে অধিনায়কদের এর দ্বিগুণ জরিমানা করা হয়।

ফলে সাকিবকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর বাংলাদেশ দলের সব খেলোয়াড়কে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক হিসেবে সেই সাথে সাকিব একটা ঝুঁকিতেও পড়ে গেছে। আগামী ১২ মাসের মধ্যে কোনো টি-টোয়েন্টি ম্যাচে তিনি একই কারণে অপরাধী বিবেচিত হলে বাংলাদেশ অধিনায়ক এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

এদিকে ব্রাথওয়েটকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আগামী ১২ মাসের মধ্যে ব্রাথওয়েট অধিনায়ক থাকা অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলে অধিনায়ক এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

আইসিসি তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই অধিনায়কই বিনা আপত্তিতে তাদের অপরাধ মেনে নিয়েছেন। ফলে আলাদা করে শুনানির দরকার হয়নি।