বরিশাল অফিস
’৬৯ এর গণঅভ্যুত্থানে বরিশালের রাজপথে তত্কালীন ইষ্ট পাকিস্তান রেজিমেন্টের (ইপিআর) গুলিতে নিহত নগরীর এ কে স্কুলের নবম শ্রেণির ছাত্র শহিদ আলাউদ্দিনের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শহিদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দসহ পেশাজীবী নেতৃবৃন্দ। শহিদ আলাউদ্দিন স্মৃতি সংসদ বরিশাল জেলা শাখার আয়োজনে ও তত্কালীন ছাত্র সংগ্রাম পরিষদ আহ্বায়ক অ্যাড. খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন শহিদ আলাউদ্দিন স্মৃতি সংসদ সম্পাদক কমরেড অধ্যাপক নজরুল হক নিলু, বরিশাল গণফোরাম সভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল আসাদ পরিষদ সভাপতি ডা. মিজানুর রহমান প্রমুখ।
