এসএসসি পরীক্ষা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু অবাধ ও নকলমুক্ত করতে বাকেরগঞ্জের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি টিভি স্থাপন করা হয়েছে। এদিকে উপজেলায় প্রথমবারের মতো নেওয়া উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের লোকজন স্বাগত জানিয়েছেন।
বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, জে এস ইউ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খান, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিন হাওলাদার, বোয়ালিয়া শহীদ আলতাফ শুকুর মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা বলেছেন, এই প্রক্রিয়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার এবং পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর ও বাইরের সঠিক পরিবেশ পরীক্ষা নিয়ন্ত্রকদের নজরে রাখা ও দুর্নীতিমুক্ত পরীক্ষা গ্রহণ সহজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবি রায় বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে অবাধ ও নকলমুক্ত পরিবেশ তৈরি করতে কেন্দ্রগুলোকে সিসি টিভির আওতায় আনা হয়েছে।
