হঠাত্ উড়ে এসে বসলেন। কে আপনি?
এই শহরে আমি উড়েই বেড়াই। আমাকে যে ধরতে পারে সে পারে।
কিন্তু আপনাকে তো চিনলাম না।
চিনলেন না? আপনি মশাই শুধু অন্ধ নন। আপনার ঘ্রাণশক্তিও নেই।
তবে যে রঙের গন্ধ পাই।
গন্ধ পেলে আমাকে চেনার কথা।
চিনতে না পারার জন্য দুঃখিত। অনুগ্রহ করে বলবেন আপনি কে?
সবাই চেনে আমাকে। শুঁকে দেখুন। আপনিও চিনবেন।
একবার জোরে নিশ্বাস নিয়ে—উহু, চিনতে পারছি না।
ভালো করে চেষ্টা করুন।
চেষ্টা তো করছি। আচ্ছা, আপনি কি জোছনার আলো?
না মশাই।
ফুলের সৌরভ?
তাও না।
বৃষ্টির ছাট?
কী যা তা বলছেন।
তাহলে নিশ্চয় রোদ্দুর।
আরে না মশাই। ওসব কিছু না।
তবে কি আপনি লাটসাহেব?
লাটসাহেব তো বটেই। নইলে কি আর এমনি সবাই আমার জন্য পাগল?
সবাই পাগল!
হ্যাঁ।
ঠিকই বলেছেন। যথার্থই পাগল সবাই।
মশাই মনে হয় ইয়ার্কি করলেন?
কী যে বলেন! আপনি তালতো হলে তবে না আপনার সঙ্গে ইয়ার্কি করব।
আপনি মশাই বড়োই অভাগা।
কেন বলুন তো?
আমাকে চিনতে পারলেন না তাই।
কেন চিনতে পারলাম না?
কারণ, আপনি একটা উন্মাদ। উজবুক।
অমনি বাতাস এসে ফের উড়িয়ে নিল চকচকে টাকাটা। উজবুক পাতাটা ডালেই রয়ে গেল।
