মোড়কে আগাম উত্পাদন তারিখ
বরিশাল অফিস
বরিশাল নগরীর কাজীপাড়ায় ফু-ওয়াং ফুডের নিজস্ব ডিপো থেকে আগাম উত্পাদন তারিখ লেখা চারটি খাদ্যপণ্য জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি পুলিশ ও ভোক্তা অধিদপ্তরের এই অভিযানে ফু-ওয়াং ফুডের দুই কর্মচারীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে জব্দ করা এসব পণ্য আগুনে পোড়ানো হয়। অভিযান পরিচালনায় থাকা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ঢাকার গাজীপুরে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ফ্যাক্টরি থেকে ২৭ জানুয়ারি অয়ন কার্গো সার্ভিসযোগে বরিশাল ডিপোতে খাদ্য পণ্য পাঠানো হয়, এতে উত্পাদনের তারিখ লেখা ছিল ২৮ জানুয়ারি।
বেকারি মালিককে জরিমানা
আগৈলঝড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় আগাম মেয়াদ দিয়ে খাদ্য পণ্য বিক্রি করার অপরাধে ভাই ভাই বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা গৈলা ইউনিয়নের কালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী। অন্যদিকে গৈলা বাজারে ইলেকট্রিক দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মিয়া ট্রেডার্সের মালিক মজনু মিয়াকে ২ হাজার টাকা জারিমানা করা হয়।
