অবশেষে রেখে যাওয়া নবজাতকের অভিভাবকত্ব পেলেন ডিসি!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

অবশেষে কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষুকের কাছে রেখে যাওয়া নবজাতক কন্যাশিশুর অভিভাবকত্ব পেলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক আদালতে শিশুটির অভিভাবকত্ব গ্রহণের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের ২ নম্বর জিআর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী সোমবার বিকালে জেলা প্রশাসককে ঐ শিশুকে দত্তক হিসেবে গ্রহণের আদেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও তার স্ত্রী সুমনা আনোয়ার ভৈরবে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা শিশুকে দত্তক হিসেবে গ্রহণ করবেন। গত ২৪ জানুয়ারি রাতে ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এক নারী ভিক্ষুক ফাতেমার কাছে ঐ নবজাতককে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে উধাও হয়ে যায়। বর্তমানে শিশুটি ভৈরবের ইউএনও লুবনা জাহানের তত্ত্বাবধানে রয়েছে। জেলা প্রশাসক শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণের কথা স্বীকার করেছেন।