লিগের ভেন্যু নিয়ে অনেক সমস্যা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার

এবার প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হবে দেশের সাত ভেন্যুতে। ঢাকায় একটি এবং বাদবাকি সব রাজধানীর বাইরে। ঢাকার বাইরের ভেনুগুলো পরিদর্শন করছে বাফুফে। আজ-কালের মধ্যে সিলেটের ভেন্যু পরিদর্শনের কাজও শেষ হয়ে যাবে বলে গতকাল বাফুফে জানিয়েছে। এরই মধ্যে প্রায় সব ভেন্যুর রিপোর্ট বাফুফের হাতে এসেছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন বিভিন্ন ভেন্যুতে কিছু সমস্যা রয়েছে, যেগুলো সমাধান করতে হবে। খুব বেশি কঠিন কিছু না। তবে এখন যেহেতু জাতীয় নির্বাচন তাই কিছু করতে চাইছি না।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে বিভিন্ন স্টেডিয়াম সরকারের বিভিন্ন সংস্থার কাজে ব্যবহার করা হচ্ছে। তারা নির্বাচনের পর সরে গেলে আমরা কাজ শুরু করতে পারব। আশাকরি ১৫ জানুয়ারি লিগের খেলাও শুরু করতে পারব।’

ঢাকার ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম, বাইরের ভেন্যুগুলো হচ্ছে সিলেট, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নীলফামারী, নোয়াখালী।