সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৫

বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

বরিশাল অফিস পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করেছে জেলা কালেক্টরেট সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করেন তারা। কালেক্টরেট সহকারীদের কর্মবিরতির ফলে জেলা প্রশাসনের দাপ্তরিক কাজে স্থবিরতার সৃষ্টি হয়। এতে সেবা প্রত্যাশীরা দুর্ভোগে পড়েন। কর্মসূচি চলাকালে নেতারা বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হলে আগামী দিনে আরো কঠোর আন্দোল?ন করা হবে।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ এবং এনডিপির অর্থায়নে উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এই হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ডিকেএসকে আদর্শ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজকে ১-০ গোলে পরাজিত করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনি খান, এনডিপির সহকারী পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা সামাজিক সচেতনা বৃদ্ধি, বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ মঙ্গলবার ঈশ্বরদী নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী পুলিশ সর্কেলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও আমবাগান ফাঁড়ির পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা শিল্পকলা একাডেমি। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শেখ মণি অডিটোরিয়ামে শহরের বর্ণ প্রতিবন্ধী স্কুল ও মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

প্রবীণ ও নবীন প্রীতি ফুটবল প্রতিযোগিতা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি প্রকল্পের আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় প্রবীণ ও নবীন প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ইউপি সদস্য মো. কিতাব আলী। খেলায় প্রবীণ দল নবীন দলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন।

দুর্নীতি বিরোধী শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দায় স্কুল পর্যায়ে জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরকান্দা সরকারি এম এন একাডেমি মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।

বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন শিক্ষক আবদুল মালেক হাওলাদার, মো. মিজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, সমাজসেবক মো. মহসিন মিয়া শাহিন, ম্যানেজিং কমিটির সদস্য আ. মন্নান হাওলাদার, কবির আকন, মুন্না সিকদার, বিদায়ী শিক্ষার্থী তাওহীদ গাজী, তামরিনুল ইসলাম, শিক্ষার্থী রায়হান হোসেন, বাঁধন দাস প্রমুখ।  

অন্নদা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের বিতর্ক প্রতিযোগিতা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুখাতী বিদ্যা নিকেতনের হলরুমে আরডিআরএস বিবিএফজি প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবদুল হাকিম সভাপতিত্ব করেন। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘আইন নয়, কেবল জনসচেতনতাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে’। বিষয়ের বিপক্ষে নেওয়াশী জাগরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের বীথি অংশগ্রহণ করে পক্ষ দল উপজেলা প্রশাসন স্কুলকে পরাজিত করে।

দরিদ্র যুবক-যুবতিদের প্রশিক্ষণ

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা বড়লেখা উপজেলার ৩ নম্বর নিজবাহাদুরপুর ইউনিয়নে দরিদ্র যুবক-যুবতিদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করে নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫ জন যুবক-যুবতি অংশ নেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক।

উলিপুরে অভিভাবক সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের মাঠে অধ্যক্ষ আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি মো. আবদুল কাদের। বক্তব্য দেন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স ম আল মামুন, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।

দাউদকান্দিতে স্কাউটস সমাবেশ শুরু

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি উপজেলার জুরানপুর স্টেডিয়ামে মঙ্গলবার তিন দিনব্যাপী স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামারুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। স্কাউটস সমাবেশে দাউদকান্দি উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটসরা অংশ নেন।

 

 

 

০