টেনেসি নদীর ঘাটে আগুন, নিহত আট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৮

বিবিসি

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টেনেসি নদীর একটি ঘাটে আগুন লেগে বহু নৌকা পুড়ে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। সোমবার অঙ্গরাজ্যটির স্কটসবোরো শহরের জ্যাকসন কাউন্টি পার্কের ঘাটে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

স্কটসবোরো আলবামার উত্তরাঞ্চলীয় একটি ছোটো শহর। ১৪ হাজার বাসিন্দার এই শহরটির জ্যাকসন কাউন্টি পার্কে একটি বোট র্যাম্প, একটি সুইমিং ডক ও একটি রেস্তোরাঁ আছে। স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৪০ মিনিটের দিকে নদীর ঘাটে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘাটের ভাসমান ডকে নোঙর করে থাকা ৩৫টি নৌকা পুড়ে যায়। ঐ সময় নৌকাগুলোতে ঘুমন্ত অনেক লোক ছিল। আগুনে কাঠের তৈরি ডকটি পুড়ে গেলে ওপরের অ্যালুমিনিয়ামের আচ্ছাদন ভেঙে পড়ে। এতে বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। ঘটনার সময় পানিতে ঝাঁপিয়ে পড়া সাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদীতে আরো কেউ আছে কি না, তা খুঁজে দেখছে উদ্ধারকারী দলগুলো। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

ঘটনার পর সংবাদ সম্মেলনে স্কটসবোরোর দমকল প্রধান জন নেকলাস বলেন, ‘পুরোপুরি ধ্বংসাত্মক ঘটনা। আমার দেখা অন্যতম ধ্বংসাত্মক ঘটনা। বিস্তারিত জানার সঙ্গে সঙ্গে ঘটনার শোচনীয়তা আরো বাড়বে বলেই মনে হচ্ছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে এক সারি নৌকায় আগুন জ্বলতে দেখা গেছে। নৌকাগুলোতে প্রোপেন ও গ্যাস ট্যাংক ছিল জানিয়ে সম্ভবত তাতে আগুন আরো তীব্র হয়ে জ্বলেছে বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শী ম্যান্ডি ডারহাম। পুড়ে ধ্বংস হওয়ার নৌকাগুলোর অধিকাংশ মালিকই স্থায়ীভাবে নৌকায় বসবাস করত বলে জানিয়েছেন তিনি। আহতদের শরীরে আগুনের আঁচ লেগেছে অথবা ঠান্ডা পানিতে ভিজে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।