উম্মে সালমা তামান্না
শীতকালে শিশুরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। এ সময় সর্দি-কাশি, জ্বর এমনকি নিউমোনিয়ায়ও ভুগতে পারে অনেকে। এজন্য অভিভাবকদের সতর্ক থাকতে হবে এবং নিতে হবে শিশুর বাড়তি যত্ন। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যেমন কমলা, মাল্টা, পেয়ারা, লেবু, আমলকি, জাম্বুরা, আমড়া, পেঁপে, ব্রোকলি, গাজর, টম্যাটো রাখতে হবে। পাশাপাশি ভিটামিন বি১২ যুক্ত খাবার যেমন :দুধ, ডিম, গরুর মাংস, কলিজা খেতে দিতে হবে। জিংকযুক্ত খাবার বাদাম, শিমের বিচিও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এসব খাবারের পাশাপাশি শিশুকে সুষম খাবার খাওয়াতে হবে নিয়মিত। সব সময় শীতের উষ্ণ কাপড়, মোজা পরিয়ে রাখতে হবে। কুসুম গরম পানি পান করাতে হবে। অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে এবং গোসলের জন্যও গরম পানি ব্যবহার করতে হবে। গোসল যেন দুপুর ১২টার মধ্যে শেষ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব বাহিরে কম ঘুরতে দিতে হবে। এই সময় প্রচুর ধুলাবালি থাকে বাহিরে সে জন্য বাহিরে গেলে শিশুদের মাস্ক ব্যবহার করাতে হবে। শিশুদের ত্বক বড়োদের তুলনায় অনেক বেশি সফট থাকে। আর তাই যত্ন নিতে হয় খুব ভালোভাবে। গোসলের পরে নিয়মিত ময়েশ্চারাইজিং ক্রিম, লোশন গ্লিসারিন লাগাতে হবে। ডায়াপার পরানো হলে সময়মতো ডায়াপার চেঞ্জ করতে হবে। হাতের নখ ছোটো করে কেটে দিতে হবে। কারণ নখ বড়ো হলে সেখানে জীবাণু জমা হয়ে তা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করবে।
লেখক :পুষ্টি বিশেষজ্ঞ।
