ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক তুহিন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত দুই গাড়ির চালকসহ দুই গাড়ি জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তুহিন মতিঝিল থেকে মোটরসাইকেলে করে যাত্রাবাড়ী রওনা দেন। তিনি সায়েদাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে পৌঁছলে আশিয়ান পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। তখন ঐ বাসের পেছনে থাকা তুরাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তুহিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বিকাল ৩টার দিকে তুহিন মারা যান।
