ভোটকেন্দ্র দখল করতে বিএনপি সন্ত্রাসী ভাড়া করেছে :কাদের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০০:৪৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র দখলের জন্য বিএনপি বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে। গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা করেছে। তারা যে কর্মকাণ্ড করেছে তার ভিডিও ফুটেজ আছে। নির্বাচন কমিশন বিষয়টি নজরে  নেবেন বলে প্রত্যাশা করে তিনি বলেন,              সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দায়িত্ব নির্বাচন কমিশনের। সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের অবস্থান জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিদ্রোহী প্রার্থীর জন্য নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে, এমন খবর কি এখন পর্যন্ত আছে? আমরা অভ্যন্তরীণভাবে বিষয়গুলো দেখছি। এগুলো আমাদের ওপর ছেড়ে দিন। এটা সাংবাদিকদের নয়, আমাদের ব্যক্তিগত বিষয়। দলের শৃঙ্খলা কমিটি আছে, তারা সেগুলো দেখবে।’ ওবায়দুল কাদের জানান, দলের সম্পাদকমণ্ডলীর সভায় আগামী এক মাসের মধ্যে বিষয়ভিত্তিক সম্পাদকীয় উপকমিটিগুলো গঠন করে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী বছরের জুন থেকে

পদ্মা সেতু উন্মুক্ত করা হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, ২০২১ সালের জুন মাস থেকে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করা হবে ইনশাল্লাহ। সেতুটিতে ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে বাকি ২১টি ট্রাস স্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন বর্ষের ২০২১ সালের ১৬ ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে।