যুক্তরাষ্ট্র সুন্দরবন সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করছে ---------- মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২২:৫৬

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আমি জীবনে প্রথম সুন্দরবনে এসে আড়াই দিন থাকলাম। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। এই সফরে আমি দেখলাম, সুন্দরবন ও তার জীববৈচিত্র্য; বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার সুরক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্য অনেক সংস্থা একসঙ্গে কাজ করে চলেছে। উপকূলীয় এলাকার মানুষও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সুন্দরবন সুরক্ষাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে সহায়তা দিচ্ছে। বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবন ও পরিবেশ রক্ষায় খুব আন্তরিক। সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়। এটা বিশ্বের সম্পদ। সুন্দরবনে বাঘের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। এটা বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য আশাব্যঞ্জক। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, ডলফিন, চিত্রা হরিণসহ যেসব দুর্লভ প্রাণী রয়েছে, তাদের সুরক্ষায় সবারই কাজ করা উচিত।’

গতকাল মঙ্গলবার মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি সংগঠনের সঙ্গে                  বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি জয়মনিরঘোল গ্রামে সুন্দরবনের টাইগার টিমের বাঘ তাড়ানো কার্যক্রম প্রতক্ষ্য করেন। এ সময় মিলারের সঙ্গে ছিলেন পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন, সুন্দরবনের ওয়াইল্ড টিমের সিও প্রফেসর আসাবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল প্রমুখ। মিলার দুই দিন ধরে বিলাসবহুল লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন।