পাকিস্তানে বিয়ের আসর থেকে হিন্দু তরুণীকে অপহরণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২২:৫৬

সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশে ২৪ বছর বয়সি এক হিন্দু তরুণীকে তার বিয়ের আসর থেকে পুলিশ প্রহরায় অপহরণ করে স্থানীয় এক মুসলিমের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অপহূত তরুণীর নাম ভারতী বাঈ। তার বাবা কিশোর দাসের অভিযোগ, মেয়ের বিয়ে হচ্ছিল স্থানীয় হালা শহরের এক হিন্দু যুবকের সঙ্গে। বিয়ে যখন মাঝপথে, তখন কয়েকজন যুবক পুলিশ নিয়ে সেখানে ঢুকে ভারতীকে তুলে নিয়ে যায়। এরপর জোর করে ধর্ম পরিবর্তন করে শাহরুখ গুল নামে একজনের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। অপহরণকারীদের মধ্যে এ শাহরুখ গুলও ছিল।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হিন্দু মেয়েদের অপহরণ করে ধর্মান্তরিত ও মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সিন্ধু-ফাউন্ডেশনের অভিযোগ, প্রতি বছর পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১২ থেকে ২৮ বছর বয়সি ১ হাজারের বেশি নারী জোরপূর্বক ধর্মান্তরিতকরণ ও বিয়ের শিকার হয়।গত বছর আগস্টে ১৯ বছরের এক নারী কয়েকদিন নিখোঁজ থাকার পর খবর পাওয়া যায়, তাকে যে অপহরণ করেছিল সেই ব্যক্তি মেয়েটিকে বন্দুকের মুখে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছে।