গাজীপুরে তিন ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০০:২৪

গাজীপুর মহানগরীর গাছা ও কাশিমপুরের হাতিমারা এলাকায় তিনটি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মাকছুদুল ইসলাম। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, অভিযানকালে গাছা এলাকার পদ্মা ব্রিজ ব্রিকস ও শাপলা ব্রিকসকে ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাছাড়া কাশিমপুরের হাতিমারা এলাকার পল্লী ব্রিকস থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।