নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানার ৩০ গজ দূরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর দল এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নগদ প্রায় ২ লাখ টাকা, ২টি মোবাইল সেট ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁও থানার ৩০ গজ দূরে ব্রিজের ওপারে ভবনাথপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত বিকাশ এজেন্ট মো. জুলহাসকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, জুলহাস সোনারগাঁও থানার সামনে রাকিব টেলিকম নামের বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোডের দোকান খুলে দীর্ঘদিন যাবত্ ব্যবসা করে আসছেন। হাসপাতালে চিকিত্সাধীন জুলহাস জানান, গত সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরবাইক চালিয়ে ভাটিবন্দরে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে সোনারগাঁও থানা সংলগ্ন ব্রিজের ওপারে ভবনাথপুর এলাকায় মোল্লা এন্টারপ্রাইজ নামের বালুর গদির সামনে আসতেই সিএনজি অটোরিকশাযোগে চার-পাঁচ জন ছিনতাইকারী জুলহাসের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা জুলহাসের ঘাড়ে, পিঠে, হাতে, পেটে ছুরিকাঘাত করে তাকে মারাত্মকভাবে জখম করে এবং জুলহাসের সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা, মোবাইল সেট ও গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত জুলহাস উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার মো. শহীদুল্লার ছেলে। জুলহাস বলেন, ছিনতাইকারীদের কাউকে তিনি চেনেন না। তিনি কখনো কারো সঙ্গে ঝগড়া-বিবাদ করেননি। কারো সঙ্গে তার কোনো শত্রুতাও নেই। তবে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় একদল ছিনতাইকারী একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। আহত হেলপার পরে মারা যান।
