বিএনপি মানেই বাংলাদেশ নাউ পাকিস্তান :মতিয়া

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:০২

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিএনপিকে ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি মানেই হচ্ছে ‘বাংলাদেশ নাউ পাকিস্তান’ (বাংলাদেশ এখন পাকিস্তান)। একজন ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যান, কিন্তু কোনো নেতা ভুল করলে সেই দলটি যে ছত্রখান হয়ে যায়, খালেদা জিয়া অত্যন্ত সফলতার সঙ্গেই তার দলের মধ্যে সেই কাজটি করেছেন। তাই বিএনপিকে বলব— গণতন্ত্রের চর্চা করুন, ষড়যন্ত্র বাদ দেন। অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসুন।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। আলোচনায় আরো অংশ নেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফুল আলী খান খসরু, সরকারি দলের আবদুল হাই, এস এম শাহজাদা, নাজিম উদ্দিন আহমেদ, সিমিন হোসেন রিমি, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং বিরোধী দল জাতীয় পার্টির (এ) ডা. রুস্তম আলী ফরাজী।

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রাম সার্কিট হাউজে মুক্তিযুদ্ধের সময় টর্চার সেল ছিল, সেখানে পার্ক করে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা উচ্ছেদ করে মুজিববর্ষে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ এবং জিয়া সার্কিট হাউজের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ করতে হবে।

জাতীয় পার্টির (এ) ডা. রুস্তম আলী ফরাজী বলেন, দেশে ধনী-গরিবের চরম বৈষম্য রয়েছে, এটা দূর করতে হবে। ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে, লুটের টাকা বিদেশে পাচার হচ্ছে। ঘুষ-বাণিজ্য, স্বজনপ্রীতি, মধ্যস্বত্বভোগী, দুর্নীতির কারণে আমরা আয় বৈষম্য কমাতে পারছি না। মুজিববর্ষে মন্ত্রী-এমপি-আমলা-প্রশাসনের সবাইকে শপথ নিতে হবে আমরা কেউ দুর্নীতি করব না, প্রশ্রয় দেব না। এমন শপথ অনুষ্ঠানের আয়োজনের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান।

বিকল্পধারা বাংলাদেশের আবদুল মান্নান বলেন, দেশে শিল্পায়নের প্রধান বাধা ব্যাংকের উচ্চ সুদ। তাই এই সুদের হার কমাতে হবে। দেশীয় শিল্পখাতকে বাঁচাতে গ্যাস ও বিদ্যুতের দাম অর্ধেক কমাতে হবে।