অর্থনীতিতে নীতিগত পরিবর্তনের কাজ চলছে :অর্থমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:০৫

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক খাতে আমরা আসলেই পিছিয়ে আছি। তবে সবকিছু হারিয়ে যায়নি। এ বছরেও প্রবৃদ্ধিতে বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থানে থাকবে বাংলাদেশ। অর্থনীতি সুশাসন নিয়ে আসতে নীতিগত পরিবর্তনের কিছু কাজ চলছে। এখন আমরা সবাইকে সতর্ক করছি। আইনগুলো পাশ হয়ে গেলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। দুর্নীতিবাজরা তখন ভুক্তভোগী হবে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে পদ্মা ব্যাংকের প্রথম বার্ষিক বিজনেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু বলেন, ২০২০ সালের মার্চ মাসের মধ্যে ঋণ বিতরণের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে পদ্মা ব্যাংক। বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, আমরা চাই দেশের প্রত্যেকটি ব্যাংক ভালো করুক। পদ্মা ব্যাংক ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দেবে এটাই প্রত্যাশা।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি নতুন পণ্যের উদ্বোধন করে পদ্মা ব্যাংক। এর মধ্যে একটি হলো তিন বছর মেয়াদি সুপারফাস্ট স্কিম এবং অন্যটি পদ্মা প্রতিদিন। প্রসঙ্গত, দুর্নীতির দায়ে ২০১৭ সালের ৫ জানুয়ারি থেকে তত্কালীন ফারমার্স ব্যাংকের সকল ধরনের ঋণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত বছর ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়।