নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় আনিসুর রহমান মিলন। সম্প্রতি দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়া ছোট পর্দায় একাধিক ধারাবাহিক নাটক নিয়েও দারুণ ব্যস্ততা তার। তাকে নিয়ে লিখেছেন লোপা চৌধুরী
মিলন শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন দর্শকও। অন্যদের অভিনয়ের মতো দর্শক হয়ে নিজের অভিনয়ও দেখা হয় তার। দর্শক মিলনের কাছে অভিনেতা মিলনের মূল্যায়ন কেমন? এর জবাবে তিনি বলেন, ‘আমি যখন আমার অভিনয় দেখি, সব সময়ই মনে হয় আসলে কিছুই হয়নি। স্যাটিসফেকশন লেভেল খুবই কম থাকে। গুটি কয়েক নাটক দেখে মনে হয়েছে, আমি বোধহয় আমার লক্ষ্যে টাচ করতে পেরেছি। কিন্তু অধিকাংশ সময়ই মনে হয়, আরো ভালো করতে পারতাম, পারফরম্যান্সটা আরো ভালো হওয়া দরকার ছিল। এটা সব সময় আমি ফিল করি।’ অভিনয়ের দীর্ঘ সময়ে মিলন অভিনয় করেছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ডলস হাইস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘এফডিসি’, ‘যোগফল’, ‘ললিতা’, ‘সাতটার সংবাদ চ্যানেল টোয়েন্টি ওয়ান’, ‘ত্রাতা’, ‘জলপরি’ প্রভৃতি। চলতি মাসে সাইফ চন্দনের ‘ওস্তাদ’ ও শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী মাসের শেষের দিকে ছবি দুটির শুটিং শুরু করব। ‘গ্যাংস্টার’ ছবিতে অ্যাকশন হিরো হিসেবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। অন্য ছবিটিও ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত হবে। ছবি দুটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ বর্তমানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং করছেন। আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত এ ছবির শুটিং করবেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও সরকারি দলের মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প উপন্যাসটির উপজীব্য। এই সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মিলন বলেন, ‘এ ছবিতে আমি একজন চেয়ারম্যান। আমার এলাকার চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত থাকেন। তার সঙ্গে নানা বিষয় নিয়ে আমার ঝামেলা লেগে থাকে। একসময় গ্রামের লোকজন আমাকে চেয়ারম্যান প্রার্থী করে নির্বাচনে দাঁড় করায়। এর পর তৈরি হতে থাকে নানা জটিলতা। এভাবেই এর গল্প এগিয়েছে।’ এছাড়া তিনি বেশ কয়েকটি ধারাবাহিকেও অভিনয় করছেন। এগুলো হলো রাজু খানের পরিচালনায় ‘মধ্যবর্তিণী-২’, ফরিদুল হাসানের ‘লাকি থার্টিন’, সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’, আল হাজেনের ‘হুলস্থূল’, কায়সার আহমেদের ‘বকুলপুর’ ও কিরণের ‘টিপু সুলতান’।
