মুক্তির চেতনায় শিল্পিত সৃজন চতুর্থ বার্ষিক নাট্যোত্সব

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৫

চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়ের আয়োজনে গত ১৫ থেকে ১৭ জানুয়ারি ‘মুক্তির চেতনায় শিল্পিত সৃজন চতুর্থ বার্ষিক নাট্যোত্সব ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। উত্সবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামীম হাসান।

১৫ জানুয়ারি উত্সবের প্রথম রজনীতে উন্মুক্ত মঞ্চে ফারজানা আফরীন রূপার নির্দেশনায় সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’ মঞ্চস্থ হয়। এর আগে নাট্যকার ও অভিনেতা শান্তনু বিশ্বাস পদক প্রদান করা হয়। নাট্যোত্সবের অন্যান্য দিনে মঞ্চস্থ হয় বুদ্ধদেব বসুর ‘রাত ভরে বৃষ্টি’, মামুনুর রশীদের ‘রাষ্ট্র বনাম’, মান্নান হীরার ‘লাল জমিন’, অ্যারিস্টোফেনিসের ‘দ্য ফ্রগ’। এছাড়া শেষদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’, ‘বাঁশি’, ‘নিষ্কৃতি’ ও ‘শ্যামাপ্রেম’ মঞ্চস্থ করে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়ের মুক্তমঞ্চ, নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে তিন দিনের এ উত্সবে মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে ১১টি নাটকের প্রদর্শনী হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের নান্দনিক পরিবেশনা দিয়ে উত্সবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। উত্সবটি আরো রঙিন হয়ে ওঠে দুই নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদানের মাধ্যমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে ‘মুক্তির চেতনায় শিল্পিত সৃজন চতুর্থ বার্ষিক নাট্যোত্সব ২০২০’ সম্মাননা প্রদান করা হয়।