‘ফ্যান্টাসি আইল্যান্ড’ সিনেমাটি আসছে আগামী সপ্তাহে। সুপার ন্যাচারাল হরর ধাঁচের সিনেমাটির গল্প গড়ে উঠেছে মিস্টার রোয়ার কে নামের এক রহস্যময় ব্যক্তির আমন্ত্রণে একটি দুর্গম অথচ বিলাসবহুল দ্বীপে যাওয়া একদল নারী-পুরুষের বিচিত্র অভিজ্ঞতার বিবরণ নিয়ে। দুর্গম সেই দ্বীপে যাওয়ার পর ঘটতে থাকে নানা আধিভৌতিক ঘটনা। ১৯৭৭ সালে নির্মিত এবিসির টেলিভিশন সিরিজ ‘ফ্যান্টাসি আইল্যান্ড’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এ সিনেমায় এলিনা চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী ম্যাগি কিউ। ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর পুরো নাম মার্গারেট ডেনিস কুইগলি। তিনি একজন মডেলও। প্রাণী-অধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবেও তাকে সোচ্চার দেখা যায়। তাকে সবাই বেশি চেনেন অ্যাকশন থ্রিলার টিভি সিরিজ ‘নিকিতা’র নাম-ভূমিকায় অভিনয়ের কারণে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সিরিজটি দর্শকদের মাতিয়ে রেখেছিল। এছাড়া পলিটিক্যাল ড্রামা সিরিজ ‘ডেজিগনেটেড সারভাইভর’-এ প্রাক্তন এফবিআই অ্যাজেন্ট ও সিআইএ অফিসার হান্নাহ ওয়েলস চরিত্রে তার অনবদ্য অভিনয় সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল। এই সিরিজটি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত চলেছে ছোট পর্দায়। ম্যাগি কিউর জন্ম হাওয়াইয়ের হনুলুলুতে। তার বাবা একজন আইরিশ-পোলিশ। আর মা ভিয়েতনাম থেকে আসা ইমিগ্র্যান্ট। ম্যাগি কিউ স্কুলে পড়ার সময়ে খেলাধুলা, সাঁতার ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্বের প্রমাণ দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেন। ভেটেনারি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তবে তার লেখাপড়ার খরচ চালাতে অক্ষম ছিল পরিবার। একপর্যায়ে ভালো উপার্জনের লক্ষ্যে হাওয়াই ছাড়েন। জাপান চলে যান এবং সেখানে মডেলিং শুরু করেন। ১৭ বছর বয়সে জাপান থেকে তাইওয়ানের তাইপে যান। কিন্তু সেখানে ভালো কিছু করতে না পেরে হংকংয়ে পাড়ি জমান। ওখানে নিজের নাম বদলে ম্যাগি কিউ রাখেন। কারণ সেখানকার স্থানীয়রা ঠিকভাবে তার নাম কুইগলি উচ্চারণ করতে পারত না। হংকংয়ে প্রথমদিকে অনেক কষ্টে করতে হয়েছে তাকে। একসময় বিখ্যাত চিত্রতারকা জ্যাকি চেনের চোখে পড়েন ম্যাগি। জ্যাকি চেন তাকে নানা ট্রেনিং দিয়ে সিনেমার জন্য যোগ্য করে তোলেন। মার্শাল আর্টও রপ্ত করেন তখন। ১৯৯৮ সালে ছোট পর্দায় কাজ শুরু করেন ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। বড়ো পর্দায় তার অভিষেক ঘটে হরর সিনেমা ‘মডেল ফ্রম হেল’-এর মাধ্যমে।
অ্যাকশন থ্রিলার ‘জেন-ওয়াই কপস’ তাকে অনেকটা পরিচিত করে তোলে। এরপর জ্যাকি চেন তাকে ‘ম্যানহাটন মিডনাইট’ ও ‘রাশ ওয়ার টু’ সিনেমায় অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। ম্যাগি কিউ আরো অভিনয় করেছেন ‘নেকেড ওয়েপন’, ‘দ্য ট্রাবল মেকারস’, ‘ম্যাজিক কিচেন’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ’, ‘রাইস রাসপোডি’, ‘ড্রাগন স্কোয়াড’, ‘মিশন ইম্পসিবল থ্রি’, ‘লিভ ফ্রি অর ডাই হার্ড’, ‘ডিসিপশন’, ‘দ্য কিং অব ফাইটারস’ ও ‘দ্য ডাইভারজেন্ট’ সিরিজের কয়েকটি সিনেমায়। একাধারে চাইনিজ সিনেমার পাশাপাশি হলিউডেও নিজেকে দারুণ গ্রহণযোগ্য করে তুলতে পারাটা তার ক্যারিয়ারের সার্থকতা বলা যায়।
