বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এর মুক্তি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৭

ঢাবি শিক্ষার্থীদের দ্বারা বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্বপ্নদর্শী ছাত্রছাত্রী, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিত্ দে। চিত্রগ্রহণে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ হক। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাসার, আফসানা আশা, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদার, রানা নাসির, অনন্যা পাখি, সাফওয়ান মাহমুদ, মৌসুমি মৌ প্রমুখ। চলচ্চিত্রটিতে ফুটে উঠবে বিশ্ববিদ্যালয় জীবনের নানা চিত্র। পরিচালকের ভাষ্যে, ‘স্বপ্ন, হতাশা, প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, সম্পর্কের টানাপোড়ন, জীবন সংগ্রাম—এই ব্যাপারগুলো বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জীবনে রেল লাইনের মতো সমান তালে চলে। তাই এই বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে চলচ্চিত্রটির গল্পে।’ গল্পের প্রয়োজনেই সিনেমায় দেখা যাবে ক্যাম্পাসে আয়োজিত নানা বর্ণিল উত্সব যেমন পহেলা ফাল্গুন, বইমেলা, একুশে ফেব্রুয়ারি, সরস্বতী পূজা ইত্যাদি। ছবিতে কাহিনির পাশাপাশি প্রতিটি দৃশ্যেই আলাদাভাবে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।  ছবিতে মোট গান রয়েছে তিনটি। গানগুলো গেয়েছেন রুদ্র, লাবণ্য ও শুভ্র। ‘ওপেন মুভিজ’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি।