লাল-সবুজ আর রকমারি পোশাকে বর্ণিল হয়ে ওঠে কুমিল্লা নগরীর ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় নগরে ছড়িয়ে পড়ে উত্সবের আমেজ। নানা অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, নৃত্য, শরীর চর্চা প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি। ৬ দিনব্যাপী আনন্দ আর উল্লাসে মেতে ওঠে নানা শ্রেণি-পেশার মানুষ। গত ১৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া আসর উপলক্ষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠানমালায় এভাবেই প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়ায় সমৃদ্ধ ঐতিহ্যবাহী কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শীতকালীন ক্রীড়া আসরে সারাদেশের ৮০৮ জন কৃতি প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। এদের মধ্যে ছিল ৪৬৪ জন ছাত্র ও ছাত্রী ৩৪৪ জন। অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস শীতকালীন এ প্রতিযোগিতার অন্তর্ভূক্ত ছিল। প্রতিযোগীরা ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। রাজশাহী ও রংপুর শিক্ষা উপ-অঞ্চলকে নিয়ে গঠিত ‘চাঁপা অঞ্চল’, খুলনা ও বরিশাল শিক্ষা উপ-অঞ্চল নিয়ে ‘গোলাপ অঞ্চল’, ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা উপ-অঞ্চল নিয়ে ‘পদ্ম অঞ্চল’। অন্যদিকে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট শিক্ষা উপ-অঞ্চল নিয়ে গঠিত বকুল অঞ্চল। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। নৃত্য আর গানে গানে প্রাণ ছুঁয়ে যায় অতিথিসহ সকল দর্শক-শ্রোতার।
