কেন্দুয়ায় শীতার্তদের শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে জোনাকী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

কেন্দুয়া উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে গ্রামের অসহায়, দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছে ‘জোনাকী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তারা খুঁজে খুঁজে প্রকৃত অসহায় শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের হাতে কম্বল, মাফলার, সোয়েটার, শীতের টুপি, উলের মোজাসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র তুলে দিচ্ছে।

এদিকে, চলমান শীতে এসব শীতবস্ত্র পেয়ে খুবই খুশি উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামের সেলিনা আক্তার, কলসহাটি গ্রামের রাবিয়া আক্তার ও নরাটিয়া গ্রামের খেলু মিয়াসহ অনেকেই।

শনিবার সকালে উপজেলার ফতেপুর গ্রামে এ শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এ সময় জোনাকীর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক রাহাতুল রাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জোনাকীর কর্মীরা শীতবস্ত্র নিয়ে যান বিভিন্ন গ্রামে। সেখানে তারা দুপুর পর্যন্ত গ্রামের অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেন।

জোনাকীর সমন্বয়ক রাহাতুল রাফি জানান, ‘আলো ছড়াই, অন্ধকারে’ এই স্লোগানে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সাধ্যমতো শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছি।